সেতু নির্মাণে অনিয়মের জেরে সাময়িক বরখাস্ত এলজিইডির তিন কর্মকর্তা–কর্মচারী
নোয়াখালী ও টাঙ্গাইলে সেতু নির্মাণে অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তিন কর্মকর্তা–কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জে সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ে রডের কাজে অনিয়মের অভিযোগে উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম ও কার্যসহকারী মো. মহিন উদ্দিনকে বরখাস্ত করা হয়। একই ঘটনায় জেলার নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীর কাছে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, টাঙ্গাইলের বাসাইলে সেতুর ফুটপাতের স্ল্যাবে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগে কার্যসহকারী মো. হাসমত আলীকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এলজিইডি।
