September 24, 2026

নেতা বদলায়—হোটেল বদলায় না

নেতা বদলায়—হোটেল বদলায় না। বাংলাদেশে তাঁরা একে অপরের কট্টর রাজনৈতিক বিরোধী, অথচ নিউইয়র্কে গেলেই ঘুরেফিরে একই হোটেল! সত্যি কী অদ্ভুত ব্যাপার !

শেখ হাসিনা, ড. মুহাম্মদ ইউনূস, এবার তারেক রহমান—রাজনীতির পথ আলাদা, কিন্তু তিন রাষ্ট্রপ্রধানেরই নিউইয়র্কে থাকার জন্য পছন্দের ঠিকানা সেই হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক!

বিগত দেড় দশকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে শেখ হাসিনা ছয়বারের পাঁচবারই উঠেছেন এই হোটেলে। তিনি এতটাই নিয়মিত ছিলেন যে রাজনৈতিক মহলে এটি একসময় ‘শেখ হাসিনার পছন্দের হোটেল’ হিসেবেই পরিচিত হয়ে উঠেছিল।

এরপর ক্ষমতার পটপরিবর্তন। শেখ হাসিনা নেই, এলেন ড. মুহাম্মদ ইউনূস। কিন্তু নিউইয়র্কের হোটেলের ঠিকানা বদলাল না! ২০২৪ ও ২০২৫—দুই বছরই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গিয়ে তিনিও বেছে নিলেন একই হোটেল।

আর এবার—২০২৬ সালের নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জাতিসংঘ সফরে তারেক রহমানও সফরসঙ্গীদের নিয়ে উঠেছেন সেই একই হায়াত গ্র্যান্ড সেন্ট্রালে!

দেশের রাজনীতিতে অবস্থান যার যার, বিরোধও তীব্র। কিন্তু নিউইয়র্কে গিয়ে হোটেল পছন্দে এমন মিল সত্যিই অবাক হওয়ার মতো।

জাতিসংঘ সদর দপ্তরের আশপাশে অভিজাত পাঁচতারকা হোটেলের অভাব নেই। তারপরও শেখ হাসিনা, ড. মুহাম্মদ ইউনূস, এবার তারেক রহমান—ঘুরেফিরে একই হোটেল কেন? কী এমন আছে এই হোটেলে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *