সড়কের দুই পাশে গাছ কাটার হিড়িক, উদ্বিগ্ন এলাকাবাসী
ঝিনাইদহ-কোটচাঁদপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে থাকা রেইনট্রি, মেহগনি ও আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির গাছ কাটা হচ্ছে। তরতাজা ও বড় আকারের গাছ কাটায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশ্ন উঠেছে।
সরেজমিনে দেখা গিয়েছে, কোটচাঁদপুরের কাশিপুর থেকে এলাঙ্গী অভিমুখে সড়কের দুই পাশে বেশ কিছু গাছ ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে। কোথাও গাছের ডাল কাটা হয়েছে, আবার কোথাও কাটা গাছ রাস্তার পাশে পড়ে রয়েছে।
বন বিভাগ সূত্রের খবর, গাছগুলো কাটার জন্য ২০২৪ সালের এপ্রিল মাসে দরপত্র আহ্বান করা হয় এবং একই বছরের জুনে কার্যাদেশ দেওয়া হয়। তবে পরবর্তী সময়ে বিভিন্ন কারণে গাছ কাটা বন্ধ ছিল। বর্তমানে পুরোনো কার্যাদেশের ভিত্তিতেই গাছ কাটা হচ্ছে বলে খবর।
কোটচাঁদপুরে ৪৫টি লটে এবং শৈলকুপায় ছয়টি লটে গাছ বিক্রি করা হয়েছে। এসব লটে এক হাজারের বেশি গাছ রয়েছে বলে বন বিভাগের একটি সূত্র জানিয়েছে। গাছ বিক্রির মোট মূল্য দেখানো হয়েছে ৩৫ লক্ষ ৫২ হাজার ২৫ টাকা।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশে থাকা গাছগুলো পথচারীদের ছায়া দেওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছিল। তাই এতদিন পর পুরোনো দরপত্রের ভিত্তিতে গাছ কাটার বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
তবে বন বিভাগের কোটচাঁদপুরের ডেপুটি বন রেঞ্জার প্রণব কুমার বিশ্বাস বলেন, গাছগুলো সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় লাগানো হয়েছিল এবং নির্ধারিত মেয়াদ শেষে নিয়ম অনুযায়ী বিক্রি করা হয়েছে। তাঁর দাবি, বর্তমানে যে গাছগুলো কাটা হচ্ছে, সেগুলোর বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর।
