July 17, 2026

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, সতর্কতা জারি

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বাড়তে থাকায় অতিরিক্ত পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। শনিবার সকাল ১১টার দিকে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট প্রাথমিকভাবে ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হতে পারে। এর মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হবে।

কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ৯১ ফুট মিন সি লেভেল (এমএসএল), যেখানে বাঁধটির সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। উজান থেকে নেমে আসা ঢল এবং অব্যাহত বৃষ্টির কারণে পানি আরও বাড়ার আশঙ্কায় বন্যা নিয়ন্ত্রণ ও পানি ব্যবস্থাপনার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, বাঁধের গেট খোলার আগে আগাম সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবহাওয়ার পূর্বাভাস, উজানের পানির প্রবাহ এবং হ্রদের পানির উচ্চতা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী স্পিলওয়ে গেট খোলার সময় ও পানির পরিমাণ পরিবর্তন করা হতে পারে।

কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। অতিরিক্ত পানির চাপ মোকাবিলায় আরও ৯ হাজার কিউসেক পানি ছাড়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে রাঙামাটি ও চট্টগ্রামের কর্ণফুলী নদীতীরবর্তী এলাকার বাসিন্দা এবং নৌযানগুলোকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *