ম*রদেহ উদ্ধার হওয়া সাবেক বিমানবাহিনীর কর্মকর্তার সঙ্গে বারে থাকা সেই তরুণী গ্রেপ্তা*র, ৪ দিনের রিমান্ড
ঢাকার তুরাগ নদী থেকে মরদেহ উদ্ধার হওয়া সাবেক বিমানবাহিনীর কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির সঙ্গে বারে দেখা যাওয়া তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাকে আদালতে হাজির করা হয়। আদালত তার ৪ দিনের রিমান্ড মন্জুর করেছেন।
শনিবার রাত ২টার দিকে রাজধানীর কাফরুলে নিজ বাসা থেকে তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ। তার নাম জেরিকা তাসনিম দিশা। বয়স ১৯ বছর।
রোববার (১ নভেম্বর) ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক ফিরোজ উদ্দিন আদালতে এ আবেদন করেন। আবেদনে আরও বলা হয়, তাহসিফের সঙ্গে বিভিন্ন জায়গায় মোটরসাইকেলে ঘোরাঘুরি করেছিলেন দিশা। তাহসিফের মুঠোফোনের কললিস্ট পর্যালোচনা করে তার সঙ্গে দিশার একাধিকবার কথা বলার তথ্য পাওয়া গেছে। মামলায় আগে গ্রেপ্তার হওয়া আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গে দিশার বক্তব্য মিলিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে দিশার সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে।
২৭ অক্টোবর সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন সাবেক বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি। পরদিন ২৮ অক্টোবর টঙ্গীর কাছে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশের ফরোয়ার্ডিং রিপোর্ট অনুযায়ী, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এবং উত্তরা এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তদন্তকারীরা জানতে পেরেছেন যে, ২৭ অক্টোবর রাতে ঘটনার আগে দিশাকে নিয়ে উত্তরার ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ গিয়েছিলেন তাহসিফ। ওই সন্ধ্যায় তারা ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকসে’ খাবার খান।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় তদন্তকারীরা আরও দেখতে পান যে, তাহসিফের সঙ্গে একটি মোটরসাইকেলের গ্যারেজেও গিয়েছিলেন দিশা।
এ ঘটনায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
