তাপপ্রবাহে পুড়ছে দেশ, আজ আরও বাড়তে পারে গরম
বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখে রোদ-গরম দাপট দেখিয়েছে। গতকাল মঙ্গলবার দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। আজ বুধবারও তাপপ্রবাহ বয়ে যাবে। সেই সঙ্গে বাড়তে পারে তাপপ্রবাহ বয়ে যাওয়া অঞ্চলের আওতা।
আবহাওয়া অধিদপ্তরের গতকাল সন্ধ্যায় জারি করা পূর্বাভাসে বিষয়টি উল্লেখ করা হয়েছে।পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি এই তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। সেই সঙ্গে আজ সারা দেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।
সারা দেশে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।তাপপ্রবাহ বয়ে যাওয়া অন্য এলাকাগুলোর মধ্যে পাবনার ঈশ্বরদীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস, কুষ্টিয়ার কুমারখালীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং যশোরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল গতকাল।
ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গতকাল রাতে মুঠোফোনে বলেন, বৈশাখের প্রথম দিন দেশের বেশ কিছু অঞ্চলে তাপপ্রবাহ বয়ে গেছে। বুধবার (আজ) তাপপ্রবাহের এলাকা বাড়তে পারে।
