August 31, 2026

বাংলাদেশের স্বাস্থ্য খাতে ২৪ লক্ষ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে মাতৃ, নবজাতক ও শিশুর স্বাস্থ্যসেবা আরও উন্নত করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লক্ষ মার্কিন ডলার (প্রায় ২৯ কোটি ৩২ লক্ষ ৮০ হাজার টাকা) মূল্যের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহায়তার আওতায় নবজাতকের শরীর উষ্ণ রাখা ও শ্বাসপ্রশ্বাসে সহায়তার সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার প্রয়োজনীয় উপকরণ রয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থায়নে এফএইচআই ৩৬০, জেপিগো, জেএসআই ও ইউনিসেফের মাধ্যমে এসব সরঞ্জাম দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে, বিশেষ করে দুর্গম এলাকাগুলোতেও পৌঁছে দেওয়া হচ্ছে।

সহায়তার অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পঞ্চগড় জেলা হাসপাতালে সিভিল সার্জন মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবাবিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন। মার্কিন দূতাবাস বলেছে, এই সহায়তা বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখবে। বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *