ডেঙ্গু ঠেকাতে ১০ হাসপাতালে আধুনিক মশার ফাঁদ
ডেঙ্গু নিয়ন্ত্রণে কীটনাশক ছাড়াই এডিসসহ বিভিন্ন প্রজাতির মশা ধরতে রাজধানীর ১০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ‘বিজি সেন্টিনেল ট্র্যাপ’ বসানোর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। আগামী সপ্তাহ থেকে হাসপাতালগুলোতে ফাঁদ বসানোর কাজ শুরু হওয়ার কথা।
ডিএনসিসি জানিয়েছে, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কারিগরি সহযোগিতায় সংগ্রহ করা এসব ফাঁদে ‘বিজি-লিওর’ নামের কৃত্রিম সুগন্ধি ও কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে মশাকে আকৃষ্ট করা হয়। পরে বৈদ্যুতিক পাখার টানে মশা জালের ভেতর আটকা পড়ে।
ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, হাসপাতালগুলোতে এডিস মশার উপস্থিতি ও ঘনত্ব পর্যবেক্ষণ এবং ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। বাংলাদেশ শিশু হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতালসহ নির্বাচিত ১০টি হাসপাতালে বিভিন্ন সংখ্যায় ফাঁদ বসানো হবে। ডিএনসিসির নগর ভবনেও কয়েকটি ফাঁদ স্থাপন করা হবে।
তবে কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার বলেছেন, বিজি সেন্টিনেল ট্র্যাপ মূলত মশা নিধনের যন্ত্র নয়; এটি মশার উপস্থিতি ও ঘনত্ব পর্যবেক্ষণের বৈজ্ঞানিক উপকরণ। তাই ব্যাপকভাবে মশা নিয়ন্ত্রণে এর ভূমিকা সীমিত।
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী জানান, মশা নিয়ন্ত্রণে নতুন কৌশল নিয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সঙ্গে গবেষণা ও কারিগরি সহযোগিতা চলছে। আপাতত ফাঁদগুলো উন্মুক্ত স্থানে নয়, নির্ধারিত হাসপাতাল ও প্রতিষ্ঠানের ভেতরেই ব্যবহার করা হবে।
