August 21, 2026

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে দেশ ও বিদেশের অভিনন্দন জানালেন যারা

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ইতোমধ্যেই দেশের ও বিদেশের বিভিন্নজন অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই নবনির্বাচিত রাষ্ট্রপ্রধানকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার সাথে সাথেই সরকার প্রধান নিজ আসন থেকে উঠে পাশে বসা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল তুলে দেন। শুভেচ্ছা গ্রহণ করে নতুন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই বিশেষ মুহূর্তে বিরোধীদলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমানও নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি পদপ্রার্থী ও এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান। এতে তিনি বলেন, আমি আশা করি রাষ্ট্র ও সংবিধানের অভিভাবক হিসেবে নব-নির্বাচিত রাষ্ট্রপতি স্বাধীনতা, গণতন্ত্র এবং ইনসাফের সুরক্ষায় দৃঢ়তা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম হবেন। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর পরই অভিনন্দন জানান সংসদীয় বিরোধী দলনেতা ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দেশের সার্বিক অভিভাবক হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক ধারা সুদৃঢ়করণ এবং জাতীয় সার্বভৌমত্ব সুরক্ষায় নতুন রাষ্ট্রপ্রধান তার অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে পুরোপুরি কাজে লাগাবেন। একই সাথে তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমও পৃথক বিবৃতিতে নবনির্বাচিত রাষ্ট্রপ্রধানকে শুভেচ্ছা জানান। তিনি দলমত নির্বিশেষে সামগ্রিক জাতীয় স্বার্থে দায়িত্ব পালনের তাগিদ দিয়ে বলেন, রাজনীতিতে সততার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে নিজেকে প্রমাণ করা এই নেতা বঙ্গভবনে গিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবেন। দলটির শীর্ষ নেতা আরও স্মরণ করিয়ে দেন যে, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদটি সবার আস্থা ও জাতীয় ঐক্যের কেন্দ্রবিন্দু।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যায় অধ্যাপক ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি মির্জা ফখরুলের নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।

অভিনন্দন বার্তায় ড. ইউনূস বলেন, একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে মির্জা ফখরুলের নতুন দায়িত্ব গ্রহণ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত করবে বলে তিনি আশা করেন।

তিনি উল্লেখ করেন, মির্জা ফখরুলের রাজনৈতিক পথচলা পাঁচ দশকেরও বেশি সময়ের। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে তার পথচলা গভীরভাবে সম্পৃক্ত। সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটকালে নেতৃত্ব এবং তৃণমূলের মানুষের সঙ্গে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা তাকে জাতীয় রাজনীতিতে স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।

ড. ইউনূস আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। তিনি নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দায়িত্ব পালনে তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

এ ছাড়া জাতীয় সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপ্রধান হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয়ের পরপরই ঢাকার চীনা দূতাবাস এবং ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতিকে আন্তরিক শুভকামনা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়।

নির্বাচনী ফল প্রকাশের মাত্র পনেরো মিনিটের ব্যবধানে নিজেদের দাপ্তরিক যোগাযোগমাধ্যমে বার্তা দেয় ঢাকাস্থ চীনা দূতাবাস। ঢাকার সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত অর্থবহ আখ্যা দিয়ে বেইজিং উল্লেখ করে, আগামী দিনে দুই দেশের উন্নয়ন ও অভিন্ন ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে যৌথ অংশীদারত্বে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী চীন।

চীনা বার্তার কিছুক্ষণের মধ্যেই অভিনন্দন জানিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে ব্রিটিশ হাইকমিশন। যুক্তরাজ্য প্রত্যাশা ব্যক্ত করে জানায়, নবনির্বাচিত রাষ্ট্রপ্রধান ও বাংলাদেশ প্রশাসনের সাথে যুক্ত হয়ে উভয় রাষ্ট্রের মধ্যকার দীর্ঘস্থায়ী ও দৃঢ় বন্ধুত্বপূর্ণ বন্ধনকে আগামীতে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *