৫ হাজার কোটি টাকা বরাদ্দ, আমানত ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করেছে। গতকাল প্রথম দিনে প্রায় ৬ হাজার গ্রাহককে ২৫০ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাংকটি অনলাইনে অর্থ স্থানান্তর কার্যক্রমও চালু করেছে, ফলে দীর্ঘ সংকটের পর ব্যাংকটির কার্যক্রমে গতি ফিরতে শুরু করেছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। এর আগে ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত আমানত ফেরতের জন্য আবেদন গ্রহণ করা হয়। নির্ধারিত সময়ে ৭৪ হাজার আমানতকারী মোট ৩ হাজার ৯২৫ কোটি টাকা ফেরতের আবেদন করেন। আমানতকারীদের অর্থ পরিশোধে বাংলাদেশ ব্যাংক ব্যাংকটিকে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যাতে আবেদনকারী কোনো গ্রাহক টাকা তুলতে এসে খালি হাতে ফিরে না যান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান সিকদার জানান, আবেদনকারী সবার টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছে। তবে অনেক গ্রাহক টাকা না তুলে আমানত হিসেবে রাখার সিদ্ধান্ত নিয়েছেন, আবার কেউ কেউ টাকা তুলে পরে পুনরায় ব্যাংকে জমা করেছেন। রাজধানীর বিভিন্ন শাখায় প্রথম দিন টাকা তুলতে গ্রাহকদের উপস্থিতি দেখা গেলেও যথাযথভাবে আবেদন করা গ্রাহকদের অর্থ পরিশোধ করা হয়েছে। দীর্ঘদিনের আর্থিক সংকট ও ঋণ অনিয়মের পর পাঁচ ব্যাংককে একীভূত করে নতুন ব্যাংকটি গঠন করা হয় এবং আগের মালিকদের শেয়ারমূল্য শূন্য ঘোষণা করে সরকার এর মালিকানা গ্রহণ করে। বর্তমানে পাঁচ ব্যাংকের শাখাগুলো পৃথকভাবে পরিচালিত হলেও আমানত ফেরত ও অনলাইন লেনদেন চালুর মধ্য দিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফেরার পথে এগোচ্ছে।
