দীর্ঘ আড়াই বছর পর মাঠে ফিরছে বিসিএল
বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) মাঠে ফিরতে যাচ্ছে আড়াই বছর পর। ২০২৩ সালের ডিসেম্বরে সবশেষ চারদিনের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। এবারের আসরের প্রথম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেটে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে মুখোমুখি হবে নর্থ জোন ও সাউথ জোন। একই সময়ে মূল গ্রাউন্ডে ইস্ট জোনের বিপক্ষে মাঠে নামবে সেন্ট্রাল জোন। ম্যাচগুলো চলবে ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত। বিসিএলের ৪ দিনের খেলা দিয়ে আবারো দেশের ঘরোয়া ক্রিকেটে ফিরবেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেনরা। গত বছরের ডিসেম্বরে জাতীয় ক্রিকেট লিগের চার দিনের সংস্করণে খেলার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিসিএল ওয়ানডে ও অদম্য টি-টোয়েন্টি কাপে রাখা হয়নি তাদের। সেন্ট্রাল জোনে মোসাদ্দেক ও সাউথ জোনে খেলবেন বিজয়।
টুর্নামেন্টের চার দলে অধিনায়কত্ব করবেন মার্শাল আইয়ুব (সেন্ট্রাল জোন), মুমিনুল হক (ইস্ট জোন), মোহাম্মদ মিঠুন (সাউথ জোন) ও আকবর আলি (নর্থ জোন)। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় জাতীয় দলের সাদা বলের ক্রিকেটাররা প্রথম রাউন্ডে খেলতে পারবেন না।
