এই বর্ষায় ঘুরতে যাওয়ার আগে জেনে নিন সতর্কতাবলি
ভারী বর্ষণ ও ভূমিধস পূর্বাভাস, বন্যা পরিস্থিতির হালনাগাদ তথ্য জেনে নিয়ে ভ্রমণের পরিকল্পনা করুন। পাহাড়ে ভ্রমণে গেলে পানি ও পাথুরে পথে হাঁটার উপযোগী জুতা পরুন। গহিন পাহাড়ে গেলে স্থানীয় অভিজ্ঞ গাইড নিন। তাঁদের নির্দেশনা মানুন। তাঁরাই পাহাড়ি পথে দুর্ঘটনা এড়িয়ে চলতে সহায়তা করবেন। জলপ্রপাতে নিরাপদে থাকতে পরামর্শ দেবেন। বর্ষায় জলপ্রপাতের ঢালগুলো পিচ্ছিল হয়ে থাকে। এসব ঢাল বেয়ে ওপরে ওঠার চেষ্টা করবেন না, সামন্য ভুলে পা পিছলে পড়ে গিয়ে ঘটতে পারে মারাত্মক কোনো দুর্ঘটনা।
রাতে যেখানে থাকবেন, সেখানে মশারির ব্যবস্থা আছে কি না, নিশ্চিত হয়ে নিন। প্রয়োজনে মসকিউটো রিপেল্যান্ট ব্যবহার করুন, প্যারাসিটামলসহ প্রয়োজনীয় কিছু ওষুধ সঙ্গে রাখুন। টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য নির্দেশনা জারি করেছে স্থানীয় প্রশাসন, সেসব দেখে নিন। হাউসবোটে লাইফ জ্যাকেট আছে কি না, দেখে নিন। হাওরে উচ্চ শব্দে গানবাজনা, মাছ ধরা, শিকার বা পাখির ডিম সংগ্রহ থেকে বিরত থাকুন।
