পুনরায় চালুর পথে মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস
বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা আন্তদেশীয় মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের রেল কর্তৃপক্ষের বার্ষিক আন্তসরকার রেলওয়ে বৈঠকে (আইজিআরএম) আনুষ্ঠানিক আলোচনা হবে, যা মঙ্গলবার ঢাকায় শুরু হচ্ছে। দুই দেশ সম্মত হলে আগামী মাস থেকেই তিনটি ট্রেন পুনরায় চালুর সম্ভাবনা রয়েছে। বৈঠকে বাংলাদেশ রাজশাহী-কলকাতা রুটে নতুন একটি যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তাব দেওয়ার পাশাপাশি ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে পরিচালনার আগ্রহও জানাবে। বর্তমানে ট্রেনটি যমুনা সেতু হয়ে চলাচল করত। রেল সূত্র জানিয়েছে, ভারতীয় কর্তৃপক্ষও তিনটি আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর বিষয়ে আগ্রহী। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে দুই দেশের পররাষ্ট্র, স্বরাষ্ট্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত প্রয়োজন হবে এবং রাজনৈতিক পর্যায়েও অনুমোদন লাগবে। ভিসা জটিলতার কারণে দীর্ঘদিন ট্রেনগুলো বন্ধ থাকলেও গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে বিএনপি সরকার গঠনের পর দুই দেশের ভিসা প্রক্রিয়া ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ২০০৮ সালের ১৪ এপ্রিল, খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ২০১৭ সালের ৯ নভেম্বর এবং ঢাকা-নিউ জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেস ২০২২ সালের ১ জুন চালু হয়েছিল। এবারের বৈঠকে এসব ট্রেন পুনরায় চালুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপিত হলেও সুনির্দিষ্ট চালুর তারিখ বা সময়সূচি পরিবর্তনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
