July 14, 2026

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হলো জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনের মাধ্যমে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হয়। ‘স্টার্টআপে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানের লক্ষ্য ছিল তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা এবং উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করা।

সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে বাণী পাঠ করা হয়। পরে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন এবং সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়পর্ব ‘গল্প নয়, সত্যি’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এছাড়া বক্তব্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মামুনুর রশীদ ভূঞা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মোর্শেদ হাসান খান এবং উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে স্টার্টআপ বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নেন এবং নির্বাচিত ছয়জন উদ্যোক্তার হাতে অনুদানের চেক তুলে দেন। আয়োজকরা জানান, ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্যোক্তাদের জন্য একটি সমন্বিত ডিজিটাল লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি সহায়তা, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠানের সংযোগ এবং প্রয়োজনীয় বিভিন্ন সেবা এক জায়গা থেকেই পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *