July 13, 2026

নারী উন্নয়ন ও সামাজিক সুরক্ষায় নতুন পরিকল্পনার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আগামী এক বছরের মধ্যে দেশের ৪১ লাখ নারীর হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। সোমবার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় গড়ে প্রায় সাত হাজার নারী এই কার্ডের আওতায় আসবেন। এছাড়া আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে দেশের চার কোটি পরিবারের নারীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী গৌরনদী উপজেলার ৬০০ পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরুষের পাশাপাশি নারীকেও স্বাবলম্বী করে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এ সময় তিনি ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী কয়েকজন নারীর সঙ্গে কথা বলেন এবং তাঁদের মতামত শোনেন।

শিক্ষা খাতের পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে মেয়েদের এইচএসসি পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। বর্তমান সরকার তা স্নাতক (অনার্স) পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি মেধাবী ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিককে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। গৌরনদীর কর্মসূচি শেষে তিনি বরিশাল নগরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *