খারাপ রাস্তার দরুন চরম ভোগান্তি জনতার
শেরপুরে ১১ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা গাজীরখামার-নালিতাবাড়ী সড়কটি এখন মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ছোট-বড় গর্ত ও উঁচু-নিচু খাদের কারণে পরিণত হয়েছে বেহালদশায়। নালিতাবাড়ী থেকে গাজীরখামার হয়ে শেরপুর শহরে যাতায়াতের জন্য প্রতিনিয়ত লোকজন রাস্তাটি ব্যবহার করে। কিন্তু এতে দেখা দিয়েছে ছোট-বড় গর্ত। জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে সড়কটির ১৭ কিলোমিটার অংশ প্রশস্ত ও সংস্কার করা হয়। তবে কাজটি শেষ হতে সময় লাগে চার বছর।
এ সড়কে প্রতিনিয়ত যাতায়াত করা নালিতাবাড়ী উপজেলাসহ আশপাশের ইউনিয়নের এলাকাবাসী ও পথচারীরা জানান, কয়েক বছর ধরে রাস্তাটির কাজ না হওয়ায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তাটি দিয়ে চলাচল করা অটোরিকশা, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালকরা জানান, ভাঙা রাস্তায় গাড়ি চলাচলে অল্প সময়ের মধ্যে যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। শেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, সড়কটির সংস্কারে একটি বড় প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। এতে শেরপুর সদর উপজেলার কামারেরচর থেকে গাজীরখামার, নালিতাবাড়ী হয়ে হালুয়াঘাট পর্যন্ত সড়ক সংস্কার করা হবে। প্রকল্প অনুমোদন হলেই দ্রুত সময়ের মধ্যে শুরু হবে কাজ।
