August 22, 2026

বাংলাদেশের মন্ত্রিসভা সম্প্রসারণ, শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

সরকার পরিচালনা ও নীতি বাস্তবায়নের গতি বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় নতুন চারজন মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রী যুক্ত হলেন। বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফলে মন্ত্রিসভার আকার দাঁড়াল ৫১ জনে। প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৬ জন এবং প্রতিমন্ত্রী ২৪ জন। আগে মন্ত্রিসভা ছিল ৪৮ সদস্যের-প্রধানমন্ত্রী ছাড়া ২৪ মন্ত্রী এবং ২৩ জন প্রতিমন্ত্রী।

গতকাল শুক্রবার সন্ধ্যা পৌনে আটটায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী ও রশিদুজ্জামান মিল্লাত।

একই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন হুমায়ুন কবির এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন। নতুন এই সদস্যদের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে সরকারের প্রশাসনিক ও নীতিনির্ধারণী কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হলো।

রাতে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রীর শূন্য পদে আবদুল মঈন খান দায়িত্ব পেয়েছেন। প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়া রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। এ মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে।

বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার পর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দায়িত্ব পান দীপেন দেওয়ান। কিন্তু তিন মাসের মাথায় তিনি পদত্যাগ করেন। বর্তমানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

নতুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়া বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে আসা জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হয়েছে।

শামীম কায়সার ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এ মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আগে থেকে এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা শামা ওবায়েদ ইসলামও আগের পদে থাকবেন। অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে আছেন খলিলুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *