May 7, 2026

৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৯টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, খুলনা, মাদারিপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে সকালের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *