October 25, 2026

Khabar BD

Bangladesh Updates

ফের রপ্তানি করা হবে সুগন্ধি চাল, আনন্দিত ব্যবসায়ী মহল

এক বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর আবারও সুগন্ধি চাল রপ্তানির সুযোগ উন্মুক্ত করলো সরকার। সুগন্ধি চালের রপ্তানিমূল্য ও রপ্তানির পরিমাণ নির্ধারণে গঠিত ১১ সদস্যের নতুন কমিটি বছরে সর্বমোট ২৫ হাজার টন সুগন্ধি চাল রপ্তানির সিদ্ধান্ত অনুমোদন করেছে। সভায় বিস্তারিত আলোচনা শেষে বাংলাদেশ চাল রপ্তানিকারক সমিতি ও বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ হাজার টন সুগন্ধি চালের রপ্তানি কার্যক্রম ৬ মাসের মধ্যে সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করে কমিটি। বাংলাদেশ প্রথম সুগন্ধি চাল রপ্তানি শুরু করে ২০০৯-২০১০ অর্থবছরে।

সেসময় ৬৬৩ টন চাল রপ্তানি হয়। পরের বছরগুলোতে রপ্তানির পরিমাণ বাড়তে বাড়তে ২০১৯-২০ অর্থবছরে ১০ হাজার ৮৭৯ টনে উন্নীত হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে ৮৬ লাখ, ২০২০-২১ অর্থবছরে ৮৫ লাখ এবং ২০২১-২২ অর্থবছরে ৫১ লাখ মার্কিন ডলারের সুগন্ধি চাল রপ্তানি হয়েছিল। বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে, দেশে বছরে গড়ে সুগন্ধি চাল উৎপাদন হয় ১৮-২০ লাখ টন। প্রতি বছর গড়ে রপ্তানি হয় ১০ হাজার টন। অর্থাৎ উৎপাদনের তুলনায় চালের রপ্তানির হিস্যা অনেক কম। যে কারণে চাল রপ্তানিতে খাদ্যনিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে বারবার দাবি করছেন রপ্তানিকারকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *