মাঠে পানি নিয়ে কুলকুচি কেন করেন ফুটবলাররা?
ফুটবল ম্যাচের মাঝে বিরতিতে ক্লান্ত ফুটবলারদের পানি পান করতে দেখা যায়। তবে অনেক সময় দেখা যায়, তাঁরা মুখে পানি বা বিশেষ কোনও তরল নিয়ে কুলকুচি করে তা ফেলে দিচ্ছেন। কিন্তু এর কারণ কী?
বিশেষজ্ঞদের মতে, ম্যাচ চলাকালীন অতিরিক্ত শারীরিক পরিশ্রমের ফলে শরীরে বেশ কিছু পরিবর্তন ঘটে। দীর্ঘক্ষণ দৌড়ানো ও কঠিন পরিশ্রমের সময়ে মুখের লালায় ‘এমইউসি৫বি’ নামের এক ধরনের মিউকাসের পরিমাণ বেড়ে যায়। এর ফলে লালা ঘন ও আঠালো হয়ে ওঠে, যা গিলে ফেলতে অস্বস্তি হতে পারে। মুখে পানি নিয়ে কুলকুচি করলে সেই অস্বস্তি কমে।
এ ছাড়াও রয়েছে জলশূন্যতার সমস্যা। খেলার সময়ে দ্রুত শ্বাস নেওয়া এবং অতিরিক্ত ঘামের কারণে শরীরের পাশাপাশি মুখের আর্দ্রতাও কমে যায়। মুখ শুকিয়ে গেলে ঢোঁক গিলতে সমস্যা হয়। তাই অনেক ফুটবলার মুখ সতেজ রাখতে বার বার কুলকুচি করেন। তবে সব ক্ষেত্রে এই তরল সাধারণ পানি নয়। অনেক খেলোয়াড় ম্যাচের মাঝে কার্বোহাইড্রেটযুক্ত বিশেষ পানীয় ব্যবহার করেন। এই পদ্ধতিকে বলা হয় ‘কার্ব রিনসিং’। এতে পানীয় মুখে নিয়ে কিছুক্ষণ রাখা হয় এবং পরে তা ফেলে দেওয়া হয়।
মুখের ভিতরের স্বাদগ্রাহী স্নায়ু কার্বোহাইড্রেটের উপস্থিতি বুঝে মস্তিষ্কে সংকেত পাঠায়। এর ফলে মস্তিষ্ক শরীরে শক্তি উৎপাদনের প্রক্রিয়া সক্রিয় করে এবং খেলোয়াড়ের ক্লান্তি কমাতে সাহায্য করে। মনোযোগ বাড়ে এবং কর্মক্ষমতাও কিছুটা বজায় থাকে। খেলার মাঝখানে অতিরিক্ত তরল পান করলে অনেক সময় পেট ভার, পেট ফাঁপা বা অস্বস্তি তৈরি হতে পারে। ফলে দ্রুত স্বস্তি ও কর্মক্ষমতা ধরে রাখতে অনেক খেলোয়াড় মুখে নিয়ে কুলকুচি করার পথ বেছে নেন।
